কুড়িগ্রাম প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) উপজেলার বৈদ্যের বাজার হরিসভা সংস্কৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে জেলা প্রশাসন, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুর রহমান, সদস্যসচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, ছিনাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব শাহিন পাটোয়ারীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
