অনলাইন ডেস্ক: শামুকের শরীরে রয়েছে প্রাকৃতিক জলশোধন ব্যবস্থা বা ফিল্টার। এরা ময়লাযুক্ত পানি পান করে। এতে ময়লা খাদ্য হিসেবে খেয়ে বিশুদ্ধ পানি বাইরে ছেড়ে দেয়। গবেষকরা বলেন, যে জমিতে শামুক থাকে, সেখানে উর্বরতা ও ফলন বেশি হয়। অগোচরে কৃষকের বন্ধুর ভূমিকা পালন করে শামুক।
শামুক এর ডিম ইঁদুরের প্রিয় খাবার এবং অল্পতে ক্ষুধা নিবারণ করে। জমিতে প্রচুর শামুক থাকলে ক্ষেতের ফসলও কম নষ্ট হয়। কই, শোল, শিং ও কার্পজাতীয় দেশি মাছগুলো শামুক ও শামুকের ডিম খেয়ে বেঁচে থাকে। ফলে শামুক কমে গেলে পানি নষ্ট হয়, মাছ মরে যায়। অনেক ক্ষেত্র পানির রঙ পরিবর্তন হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। ফলে পানিতে রোগ-জীবাণু বাড়ে।
সম্প্রতি শামুক কমে যাওয়ার কারণ অনুসন্ধান নিয়ে এক গবেষণাপত্রে উঠে আসে এসব তথ্য। গবেষণাটি করেন শেখ তানজির আহমেদ ও আসাদুল ইসলাম নামের দুই তরুণ। এটি পরিচালনা করে সাতক্ষীরা বারসিক (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজিনাস নলেজ) ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ।
গবেষকরা জানান, দুটি উদ্দেশ্যকে সামনে রেখে গবেষণা করা হয়- প্রকৃতির বন্ধু হিসেবে শামুককে কতটা চেনে মানুষ ও এর বিলুপ্তির কারণ কী।প্রতিবেদনে বলা হয়, শামুকের উপকারিতা সম্পর্কে কোনো ধারণা নেই সাতক্ষীরার ১৮ শতাংশ মানুষের। তবে প্রত্যক্ষ ধারণা আছে ৮২ শতাংশের। অর্থাৎ শামুক থেকে উপকার পায় তারা। যেমন- হাঁস-মুরগির খাবার, ঘেরে মাছের খাবার, চুন তৈরিতে ব্যবহার হওয়াতে শামুক বিক্রি করে বা শামুক ভেঙে জীবিকা অর্জনকে বোঝে। আর এই ৮২ ভাগের মধ্যে ৫৮ ভাগ মানুষ পরোক্ষভাবে শামুককে পরিবেশের বন্ধু ভাবেন। এক্ষেত্রে পানি পরিষ্কারক, পানির মিষ্টতা পরীক্ষা, জমির উর্বরতা বৃদ্ধি, রোগের ওষুধ, সাপ ও অন্যান্য প্রাণীর খাদ্য হিসেবে শামুক প্রাকৃতিকভাবে ভূমিকা রাখে বলে মনে করে তারা।
গবেষণাপত্রে বলা হয়, সাতক্ষীরার ৮ শতাংশ মানুষ মনে করে শামুক কমে গেলে কোনো ক্ষতি হয় না। আর ৩ শতাংশ মানুষ ক্ষতি সম্পর্কে জানে না। বাকি ৮৯ শতাংশ মানুষের মতে, শামুক কমে যাওয়ার কারণে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানা ক্ষতির সম্মুখীন হতে হয়। এতে মাছ ও হাঁসের খাদ্য কমে যাওয়া, পানি নষ্ট হয়ে যাওয়া, মাটির স্বাস্থ্য নষ্ট হওয়া, পানিতে রোগ-জীবাণু বৃদ্ধি, ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়া, দেশিয় মাছ কমে যাওয়াসহ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হওয়ার কথা উল্লেখ করেন তারা।শামুক নিধন বন্ধে সচেতনতা বাড়াতে হবে।
