অনলাইন ডেস্ক: আজ সেই রিও ডি জেনেরিওতেই লেখা হলো মেসির শিরোপা উৎসবের গল্প। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে প্রিয় জন্মভূমি আর্জেন্টিনাকে উপহার দিলেন প্রথম আন্তর্জাতিক শিরোপা।
সেই সঙ্গে ছাড়িয়ে গেলেন পেলে-ম্যারাডোনাকে, অবশ্য ফুটবল সম্রাট পেলে তার পুরো ক্যারিয়ারে একবারই খেলেন কোপা আমেরিকা। ১৯৫৯ সালে বিশ্বকাপ জেতার পরের বছরই নেমেছিলেন লাতিন আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। নিজে সফলও ছিলেন। ৮ গোল করে টুর্নামেন্টের সেরার পুরস্কারটা উঠেছিল পেলের হাতে। তবে শিরোপা জিতে নেয় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
ম্যারাডোনা অবশ্য নিজের দোষেই হতে পারেননি কোপা জয়ী ফুটবলার।
১৯৯৩ সালে শেষবার যখন আর্জেন্টিনা জেতে প্রাচীনতম এই ফুটবল টুর্নামেন্টের ট্রফি। সেই দলে ছিলেন না ফুটবল ইশ্বর। ড্রাগ নেওয়ার কারণে নিষেধাজ্ঞায় ছিলেন তিনি। অবশ্য ফিরলেও তার সেই পারফরম্যান্স ছিল না। কোচ আলফিও বাসিলে তাকে বাদ দিয়ে ডিয়েগো সিমিওনেকে দেন ১০ নম্বর জার্সি। বিশ্বকাপ জিতলেও কোপার ট্রফিটা অধরাই!
আক্ষেপ ছিল মেসি জাতীয় দলের হয়ে কিছুই জিততে পারেন না। খেলেছেন চারটি বিশ্বকাপ। ফাইনালে উঠলেও সঙ্গী হয়েছে দ্বীর্ঘশ্বাস।

কিন্তু এবার বাংলাদেশ সময় রোববার সকালে মারাকানায় মেসিকে একটা স্বপ্নের ট্রফি এনে দিলেন সতীর্থরা। ভক্তরা অন্তত এখন একটা জায়গায় তৃপ্তির ঢেকুর তুলবে পেলে-ম্যারাডোনা যা পারেননি, পেরেছেন তাদের আদরের লিও, লিওনেল আন্দ্রেস মেসি!