নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডাকনীরপাঠ বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ রাখাকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও রাজনৈতিক ও প্রশাসনিক চাপে ব্যবসায়ীদের মাংস বিক্রি করতে দেওয়া হচ্ছে না। এর ফলে কয়েক কিলোমিটার দূর থেকে মাংস সংগ্রহ করতে হচ্ছে স্থানীয় কয়েক হাজার ভোক্তাকে।
স্থানীয়দের দাবি, বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক ও হিন্দুদের চাপে এখানে গরু জবাই ও মাংস বিক্রি করতে দেওয়া হয়নি। কিছু প্রভাবশালীদের মদদে এখনো সেই ধারা অব্যাহত রয়েছে। ঘটনাটি নিয়ে থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতার বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন মার্কেট মালিক ও সাধারণ মানুষ। মার্কেট মালিকের দাবি, প্রভাবশালীদের চাপে তাকে মাংস বিক্রি বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে, সাম্প্রদায়িক সম্প্রীতির অজুহাতে মাংস বিক্রি বন্ধ রাখাকে বৈষম্যমূলক হিসেবে দেখছেন স্থানীয় মুসল্লি ও ওলামায়ে কেরাম। এ নিয়ে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
