ভলান্টিয়ার প্রতিনিধি: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এমপিওভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের গনবিজ্ঞপ্তি অনুযায়ী  ১০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এমপিওভুক্তির আবেদন করতে বলা হয়।

পরে আবেদিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক যাছাই বাছাই শেষে এমপিওভুক্তির জন্য তালিকা করে শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। শিক্ষামন্ত্রীর অনুমোদনের পর এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয় এবং প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে এই এমপিওভুক্তি চূড়ান্ত হয়।
আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় নতুন ২ হাজার ৫১টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি।

কারিগরি এবং মাদরাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল ভোকেশনাল ৯৭টি, এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ২০০টি, ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার দুটি, দাখিল মাদরাসা ২৬৪টি, আলিম মাদরাসা ৮৫টি, ফাজিল মাদরাসা ৬টি এবং কামিল মাদরাসা ১১টি।