কুড়িগ্রাম প্রতিনিধি: তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ কেটে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে গ্রামীণ হাটে বহুতল ভবন নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই বাজারে তিনতলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে (১৯ নভেম্বর) বাজার প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী  এবং স্থানীয় বাসিন্দারা।

‘ফরকেরহাট বাজারের সর্বস্তরের দোকানদার, মালিকবৃন্দ ও বাজার প্রতিনিধি দলের’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে রাজারহাট উপজেলার সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ, শতবর্ষী বটগাছ রক্ষা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ প্রতিহত করার জোর দাবি জানান।

ফরকেরহাট বাজারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটিকে কেবল ছায়াদাতা বৃক্ষ নয়, বরং অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের প্রতীক হিসেবে উল্লেখ করেন এলাকাবাসী। উন্নয়নের নামে এই প্রাচীন গাছ কাটার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁরা।

বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম এলজিইডির এই অপরিকল্পিত তিনতলা ভবন নির্মাণের প্রকল্প বাতিলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে আগামীতে  আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, “প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয়। ঘন পাতার কারণে গ্রীষ্মে শীতল ছায়া দেয় এবং আশপাশের তাপমাত্রা কমায়। ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে বাতাসের গতি কমাতে এবং মাটির ক্ষয় রোধ করতে সাহায্য করে। পাখি, কীটপতঙ্গ, কাঠবিড়ালি ও অন্যান্য বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয় ও খাদ্যের জোগান দেয়। মূলত: মানুষের জীবনে উত্তন্ত উপকারী।”

প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফরকেরহাট বাজারের ব্যবসায়ী দুলাল মন্ডল, নজরুল ইসলাম, ডাক্তার কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান ও আব্দুল কাদের প্রমুখ।