ভলান্টিয়ার প্রতিনিধি: লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌর শহর ও উপজেলার জগতবেড় ইউনিয়নে রাসেলস ভাইপার সন্দেহে দুটি সাপ মেরে ফেলেছে স্থানীয়রা।
জানা গেছে, রবিবার রাতে উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখে লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে যায় স্থানীয় লোকজন।
ঐদিন রাতে উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারের একটি দোকানের নিচ থেকে একটি সাপকে মেরে ফেলা হয়। স্থানীয়দের দাবি, দুটি সাপই বর্তমানের আলোচিত রাসেলস ভাইপার সাপ।
ঐ এলাকার মেম্বার আলাউদ্দিন সুমন বলেন, টংটিংডাঙ্গা বাজারে মেরে ফেলা সাপটি রাসেলস ভাইপার সাপ নয়। আতঙ্ক হওয়ার কিছুই নেই।
সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, মেরে ফেলা সাপ দুইটি বিষাক্ত রাসেলস ভাইপার কিনা এ ব্যাপার শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। সাপ দুটি মেরে ফেলার আগে দেখার সুযোগ হলে জানা সম্ভব হতো।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, রাসেলস ভাইপার কিনা এটি নিশ্চিত করে বলতে পারছি না। সবাইকে আতঙ্কিত না হয়ে সর্তক থাকতে হবে।
