ভলান্টিয়ার প্রতিনিধি: মানুষের সৃজনশীলতা ও উদ্ভাবনী অবদানকে সম্মান ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বিশ্ব মেধাসম্পদ (ইন্টেলেকচুয়াল প্রপার্টি) দিবস ২০২৫ উদ্যাপন করা হয়েছে। এ শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামানের নেতৃত্বে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অ্যাকাডেমিক ভবনের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মেধাসম্পদ
দিবস-২০২৫’ উদযাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, দিবসটি আমাদের জন্য বেশ গুরুত্ব বহন করে। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- ‘আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি’, যা বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
‘সংগীত এক সর্বজনীন ভাষা, যা হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয় এবং আমাদের ঐতিহ্য ও বৈচিত্র্যময় শিল্পধারাকে প্রতিফলিত করে। আহবমান বাঙলার ঐতিহ্য লোকগান থেকে শুরু করে আধুনিক গানের মূর্ছনায় আমাদের শিল্পীরা প্রতিনিয়ত বিশ্বকে মুগ্ধ করে চলেছেন।’
মেধাসম্পদ আইন ও নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সংগীত শিল্পের সৃজনশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অগ্রগতির মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলতে মেধাসম্পদ আইন ও নীতির যথাযথ প্রয়োগ প্রয়োজন। কেননা মেধাস্বত্ব সেই উদ্ভাবনকে সুরক্ষা দিয়ে গবেষকদের উৎসাহিত করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য। গবেষণা ও উদ্ভাবনী খাতে এর যথাযথ প্রয়োগের মাধ্যমে টেকসই উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব।
স্ব-নির্ভর ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে মেধাসম্পদের সর্বোত্তম ব্যবহার ও মেধাসম্পদ সংরক্ষণে সংশ্লিষ্ট সবার উদ্যোগী ও প্রতিশ্রুতিশীল হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে সভায় গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছান প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মো. এনামুল হক, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হোসেন, ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলীসহ বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০০ সাল থেকে বিশ্বজুড়ে ২৬ এপ্রিল বিশ্ব মেধাস্বত্ব দিবস ((ইন্টেলেকচুয়াল প্রপার্টি) উদ্যাপিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে— ‘মেধাস্বত্ব ও সঙ্গীত: মেধাস্বত্বের তাল অনুভব করুন’ `IP and Music: Feel the Beat of IP’।
