কুড়িগ্রাম প্রতিনিধি: ‘সুশীল, সাপোর্টিং দ্য ইউনিটি অ্যান্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (CSOs) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও কুড়িগ্রাম জেলা হাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, ভিশন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহজালাল সবুজ, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. সাদিকুর রহমান, জেলা হাব সভাপতি সাইদা ইয়াসমিন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবের সাধারণ সম্পাদক এম. রশিদ আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, অঞ্জন রায় এবং একশনএইড বাংলাদেশ ও ইউএসএস-এর জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম।
জেলা হাবের উদ্দেশ্য হচ্ছে—জেলা পর্যায়ে নাগরিক সমাজ সংগঠনগুলোর একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলা, যা মানবাধিকার, সুশাসন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। এই প্ল্যাটফর্ম দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে, যেখানে সকল নাগরিক সমান অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা ভোগ করবে। পাশাপাশি, স্থানীয় ও জাতীয় পর্যায়ে সিএসও, সরকারি ও বেসরকারি সংস্থা এবং দাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ ও অ্যাডভোকেসি কার্যক্রম চালাবে।
অনুষ্ঠানটি ইউরোপীয়ান ইউনিয়নের যৌথ অনুদানে একশনএইড বাংলাদেশ এবং সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস, ব্র্যাক ইউনিভার্সিটির সহযোগিতায় আয়োজিত হয়।
