ভলান্টিয়ার প্রতিনিধি: দেশের স্কুল-কলেজে এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলোতে সাতটি করে ক্লাস নিতে হবে। বৃহস্পতিবার ফুল ক্লাসের নির্দেশনা দিয়ে বুধবার আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। যখন শুধু শুক্রবার একদিন সাপ্তাহিক ছুটি ছিলো তখন বৃহস্পতিবার স্কুল কলেজগুলোতে হাফ ক্লাস হতো।

ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোকে বৃহস্পতিবার পূর্ণদিবস ক্লাস নেয়ার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু মাধ্যমিক-নিম্নমাধ্যমিক স্কুল ও উচ্চমাধ্যমিক কলেজগুলো বৃহস্পতিবার কোন নিয়মে ক্লাস নেবে তা নিয়ে ধোঁয়াশায় ছিলো।

অবশেষে আদেশ জারি করে বৃহস্পতিবার স্কুল-কলেজগুলোকে পূর্ণদিবস ক্লাস নেয়ার নির্দেশনা দিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।