ভলান্টিয়ার প্রতিনিধি: আগামী ২৮, ২৯ বা ৩০ নভেম্বর ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন বলে, আগামী ২৮ নভেম্বর ফল প্রকাশের সম্মতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চলতি বছরে ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের ফল প্রকাশের অপেক্ষায় আছেন। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। সেই হিসেবে ৬০ দিন শেষ হবে ৩০ নভেম্বর।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে, ফল প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ২৮ নভেম্বর সম্ভব না হলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর ফল প্রকাশের সম্মতি আসতে পারে। সেক্ষেত্রে ৪ ডিসেম্বরের আগে ফল প্রকাশ করা হবে না।
গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হয়। ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এ বছর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। নয়টি সাধারণ ধারা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিলেন ১৫ লাখ ৯৯ হাজারের বেশি।