দিনাজপুর প্রতিনিধি: গত একমাস দিনাজপুর জেলার বীরগন্জ উপজেলার গ্রামেগন্জে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। এটি যেন লোকালয়ের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে। মানুষের কোনো ক্ষতি করে না বানরটি। এলাকার মানুষও এতে অভ্যস্ত হয়ে পড়েছেন।
রোববার সকালে বানরটিকে বীরগঞ্জ আওয়ামী লীগ অফিসের টিনের চালে, বিকেলে সুজালপুর গ্রামের একটি বাড়িতে ও এর আগে বলাকার মোড়ে ঘুরতে দেখা যায়।
জানা যায়, দীর্ঘদিন থেকে বানরটি পৌর শহরে বিভিন্ন পাড়া-মহল্লায় ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে বেড়াচ্ছে। এলাকার লোকজনও এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। কেউ আর এটিকে বিরক্ত করেন না। উল্টো সবাই বানরটিকে দেখতে পেলে খাবার এগিয়ে দেন। শিশুরাও বানরটিকে দেখে বেশ আনন্দ পায়।
