ভলান্টিয়ার (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি বন্ধুসভার উদ্যোগে তাপপ্রবাহে স্বাস্থ্য সুরক্ষা সচেতনতায় লিফলেট, বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ
আজ ১ মে মহান “শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” স্লোগানে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হচ্ছে। তাই মহান মে দিবস উপলক্ষে ও চলমান তাপ প্রবাহের বৃদ্ধির কারণে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি ও সচেতনতা মুলক লিফলেট শহরের বিভিন্ন মোরে বিতরণ করেন ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা।
এ সময় সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুহিত পথচারীদের উদ্দেশ্য বলেন প্রয়োজন ছাড়া আমার অতিপ্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবো না। বাসার বাইরে ছাতা, রুমাল, সানগ্লাস ব্যবহার করবো। নিজেকে ছায়ায় রাখার চেষ্টা করতে হবে।
সাধারণ সম্পাদক বীথি শর্মা বনিক, শ্রমিকদের উদ্দেশ্য বলেন তারা কাজ করার সময় যেনো পর্যাপ্ত পানি পান করেন এবং একটানা কাজ না করে বিশ্রাম নিয়ে তারপর যেনো কাজ করেন। এসব বিষয়ে তাদের অবগত করার চেষ্টা করেছি।
সহ সভাপতি সাব্বির হোসেন রানা বলেন, এই মুহূর্তে তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত বিরাজ করছে, যা জনজীবনে হুমকিস্বরূপ। আমরা বন্ধুরা আজ দাবদাহ থেকে সাধারন মানুষদের মাঝে সচেতনতা ছড়াতে এই কার্যক্রম হাতে নিয়েছি। আমরাই এই দাবদাহের জন্য এক প্রকার দায়ী। বৃক্ষ নিধন করে গড়ে তুলেছি অট্রালিকা তাই এখন দাবদাহ কমছেনা। আগামী বর্ষার সিজনে বন্ধুসভার থেকে সুপরিকল্পিত ভাবে পূর্বের ন্যায় বৃক্ষরোপন শুরু করবো। প্রতিটা বন্ধু বৃক্ষরোপনে অংশগ্রহণ করবো। এতে করে আস্তে আস্তে একসময় দেশের উপর থেকে স্থায়ী দাবদাহ কমে আসবে। আগামী সিজনে আশাকরি তাপ ক্রমান্বয়ে কমে আসবে।
স্যালাইন ও পানি পেয়ে ভ্যানচালক মোস্তফা (৩৮) বলেন, ‘এই গরমে বেদিক অইয়া গেছি। তাও পেটের দায় কামে নামতে অয়। অল্পতেই হাপাইয়া যাই। মোর পানি দরকার আললে। তখনই এরা পানি নিয়া আইছে। ওগো লইগ্গা দোয়া করি।’
সচেতনতা বার্তা শুনানোর সময় রিক্সা চালক রফিক চাচা (৪১) বলেন, “বাবো, এই গরমে নামতে চাইনা তৌ নামতে অয়। তুমি যা হুনাইলা এইগুলা মাইনা চলমু। মুই এসব এত জানতাম না।”
এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন যুগ্মসাধারণ সম্পাদক সাহরিয়া পাপন, সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি, বন্ধু সাকিব আল হাসান সাকিব, আরাফাত ইসলাম, আমিনুল ইসলাম, সৈয়দ হান্নান, শাকিল রনিসহ অন্য বন্ধুরা।
