ভলান্টিয়ার প্রতিনিধি: আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে লালমনিরহাটের তিস্তা রেলসেতু সংলগ্ন তিস্তা নদীতে নেমে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ জানালেন আন্দোলনকারীরা।

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’ প্ল্যাকার্ড প্রদর্শন করে কয়েক হাজার মানুষ এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা বলেন, ভারত বছরের পর বছর তিস্তা নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে যার মাশুল দিচ্ছে বাংলাদেশের পাঁচ জেলার অন্তত দুই কোটি মানুষ। শুষ্ক মৌসুমে এসব এলাকার মানুষ ফসল ফলাতে পারে না। আবার বন্যার সময় হঠাৎ করে পানি ছেড়ে দেওয়ায় ব্যাপক এলাকা ভাঙনের শিকার হয়।
প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব (দুলু), সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক সহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আসাদুল হাবিব বলেন, ‘বহমান তিস্তার মাঝখানে দাঁড়িয়েছি, কিন্তু পানি নাই। তিস্তা মরুভূমি হয়ে গেছে। গতকাল বিভিন্ন কর্মসূচি ও আজ সকালের পদ যাত্রায় আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা দাবি করে যাচ্ছি। এখন আমরা তিস্তার পানিতে নেমে বিশ্ববাসীকে দেখাতে চাই, আসলে তিস্তায় কোন পানি নেই। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা দেওয়া হোক।’