ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৯০ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা।

শনিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার ফেসবুক পেজে ভূরুঙ্গামারী উপজেলার কমিটি প্রকাশ করা হয়। কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ ও সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর এবং মুখ্য সংগঠক সাদিকুর রহমান তিন মাসের জন্য এই কমিটি অনুমোদন করেছেন।

উপজেলা কমিটিতে রুকনুজ্জামান কে আহ্বায়ক, খোরশেদ আলম কে সদস্যসচিব, লাবিব শাহরিয়ার কে মুখ্য সংগঠক ও রেবেকা সুলতানা কে মুখপাত্র করা হয়েছে।

এদের মধ্যে আহ্বায়ক কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী, সদস্য সচিব মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, মুখ্য সংগঠক রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং মুখপাত্র ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী। এই কমিটিতে ১২ জন যুগ্ম আহ্বায়ক, ১৩ জন যুগ্ম সদস্য সচিব, ১৫ জন সংগঠক এবং বাকিদেরকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা কমিটির মুখ্য সংগঠক সাদিকুর রহমান বলেন, “জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বৈষম্যবিহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনারদের সংগঠিত করে কুড়িগ্রাম জেলার প্রতিটি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের কাজ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের ভুরুঙ্গামারী উপজেলা কমিটি গঠিত হলো। ভুরুঙ্গামারী উপজেলার কমিটি গত ১১ তারিখে অনুমোদিত হয়েছিল, তবে যেকোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলতে কিছু তথ্য পুনর্যাচাই করে আমরা আজকে কমিটি ঘোষণা করেছি। ভুরুঙ্গামারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমকে গতিশীল করতে ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা ভূমিকা রাখবে বলে আশাবাদী।”