ঢাকা প্রতিনিধি: দীর্ঘ ছয় দশকের আলোচনা ও সম্ভাব্যতা যাচাই শেষে বহুল আলোচিত পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মার্চে নির্মাণকাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৪ কোটি টাকা, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং শুরুতে সরকারের নিজস্ব অর্থায়নেই কাজ চলবে। প্রকল্পটি একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ভারতের ফারাক্কা ব্যারাজের কারণে পদ্মা নদীতে পানিপ্রবাহ কমে যে নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতেই এই ব্যারাজ। শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও প্রবাহ নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষিণাঞ্চলে সেচ সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন, ব্যারাজের ওপর রেলসেতু নির্মাণ এবং নৌযান চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রকল্প বাস্তবায়িত হলে ২৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ করা সম্ভব হবে, নদীগুলোর পানিপ্রবাহ ফিরবে, লবণাক্ততা কমবে এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।