কুড়িগ্রাম (সাঈদ) প্রতিনিধি: কুড়িগ্রামের কাঁচিচরে আজ এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান কাঁচিচর বি.এ.জি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এই আয়োজনের উদ্যোগ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক ২১, যা কাঁচিচর, ঘোগাদহ, কুড়িগ্রাম এলাকায় শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মানুষের মাঝে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানার গুরুত্ব তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবাও গ্রহণ করেন। আয়োজকরা জানান, জরুরি সময়ে দ্রুত রক্তের ব্যবস্থা করতে নিজের রক্তের গ্রুপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অনেক ক্ষেত্রে জীবন বাঁচাতে সহায়ক ভূমিকা রাখে।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রাশিদুল ইসলাম, সহকারী শিক্ষক জনাব নুর ইসলামসহ অন্যান্য শিক্ষকরা এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান। শিক্ষার্থীরাও এ ধরনের সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পেরে আনন্দ প্রকাশ করে এবং সন্তুষ্টি ব্যক্ত করে।
উল্লেখ্য, ক্যাম্পেইনটি সম্পূর্ণ ফ্রি এবং সকল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্মুক্ত ছিল। নিরাপদ ও দ্রুত সেবার মাধ্যমে অংশগ্রহণকারীরা উপকৃত হন।
সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
