কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড বৃদ্ধি, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষ জনবল নিয়োগের দাবিতে আজ বিকাল ৪টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটির আয়োজন করে জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা।
মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়া সত্ত্বেও এখানে এখনো আধুনিক বার্ন ইউনিট ও পর্যাপ্ত আইসিইউ সুবিধা গড়ে ওঠেনি। ফলে অগ্নিদগ্ধ ও গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী শহরে পাঠাতে হয়, যা অনেক ক্ষেত্রে জীবনহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
তারা অবিলম্বে কক্সবাজার সদর হাসপাতালে একটি আধুনিক বার্ন ইউনিট স্থাপন, আইসিইউ বেড সম্প্রসারণ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল নিয়োগ এবং একটি ডায়ালাইসিস সেন্টার চালুর জোর দাবি জানান।
কর্মসূচিটি সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব শামীম ফরহাদ। এতে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার আহ্বায়ক আলিম উদ্দিন হিলমী, এনসিপি কক্সবাজার জেলার সহ-সাংগঠনিক সম্পাদক তাশদীদ উর রেজা, ছাত্র ইউনিয়ন কক্সবাজার জেলা সংসদের সভাপতি মোহাম্মদ আরিফ, জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব জায়েদ বিন আমান, ভলান্টিয়ার ফর কক্সবাজারের প্রতিনিধি ও বিশিষ্ট সংবাদকর্মী কামরুল হাসান, জাতীয় নাগরিক পার্টি কক্সবাজার জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ খালিদ বিন সাঈদ এবং জাতীয় যুবশক্তি কক্সবাজার জেলা শাখার মূখ্য সংগঠক ফারুক মোহাম্মদ নওশাদ।
সমাপনী বক্তব্যে জাতীয় যুবশক্তি, কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক আসিফ মোহাম্মদ বাপ্পি উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পরে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় শ্রমিক শক্তি কক্সবাজারের নেতা মোহাম্মদ ম্যাক্স।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠন এবং স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
