কুড়িগ্রাম প্রতিনিধি: ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশজুড়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে যান কিংবা আত্মগোপনে চলে যান। এমন পরিস্থিতির মধ্যেই কুড়িগ্রামে ভিন্নধর্মী এক ঘটনা নতুন করে আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের ত্রাণ, দুর্যোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলামকে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় সচেতন মহল, ছাত্র-জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্প্রতি জনসমক্ষে আসা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য তালিকা বিশ্লেষণ করে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত ২ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত ওই তালিকার ১৬ নম্বর ক্রমিকে “কমিটি কর্তৃক মনোনীত” সদস্য হিসেবে মোঃ তাজুল ইসলামের নাম উল্লেখ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্ট-পরবর্তী সময়ে সাধারণ মানুষ স্বাস্থ্যখাতে দলীয় প্রভাবমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের পুনর্বাসনের মাধ্যমে সেই প্রত্যাশা ব্যাহত হচ্ছে বলে তারা মনে করছেন।
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির তালিকাটি তত্ত্বাবধায়ক ও সদস্য সচিব ডাঃ নূর নেওয়াজ আহমেদ স্বাক্ষর করেন। তালিকায় সভাপতি হিসেবে রয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। একই তালিকার ১৬ নম্বর সিরিয়ালে রাখা হয়েছে পৌর আওয়ামী লীগের এই নেতাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ছাত্র প্রতিনিধি বলেন, আমরা যখন কুড়িগ্রামের স্বাস্থ্যখাতকে দুর্নীতি ও দলীয় প্রভাবমুক্ত করার জন্য কাজ করছি, তখন পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি দ্রুত এই বিতর্কিত তালিকা সংশোধন না করে এবং তাজুল ইসলামকে কমিটি থেকে বাদ না দেয়, তাহলে ছাত্র-জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।”
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নূর নেওয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই কমিটির সভাপতি কুড়িগ্রাম -২ এর মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ মহোদয়ের পরামর্শে করা হয়েছে।”
এনসিপির দলীয় সূত্রে জানা যায়, “তাজুল ইসলাম তাজ কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের পদধারী ছিলো এটি সত্য কিন্তু এখন এনসিপির কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক এর দায়িত্ব পালন করছেন”
