ভলান্টিয়ার প্রতিনিধি: কুড়িগ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ৬ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ বুধবার দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী থানাধীন পাকা সড়কের উপর একটি সিএনজিতে অভিযান চালিয়ে ডিএনসি ওই মহিলাদেরকে আটক করে। আজ বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর সহকারী পরিচালক আবু জাফর এসব তথ্য জানান।

গ্রেপ্তার ওই ব্যক্তিদের নাম মোছাঃ লাবনী(২৭), পিতা মৃত. তোফায়েল হোসেন সুজাবাদ উত্তরপাড়া বগুড়া পৌরসভা, বগুড়া এবং মোছাঃ শিল্পী বিবি(৪৬), পিতা- মৃত. তোফাজ্জেল হোসেন, কালাই কাহালু থানা, বগুড়া। তাদের কাছ থেকে উদ্ধার করা প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার টাকা বলে দাবি করছে ডিএনসি।
সহকারী পরিচালক আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক তরুণ কুমার রায় এর নেতৃত্বে রেইডিং টিম গঠন করে ফুলবাড়ী থানাধীন পাকা সড়কের উপর অভিযান পরিচালনা কালে একটি সিএনজি গতিরোধ পূর্বক যাত্রী বেশে দুইজন মহিলার দেহ তল্লাশী করে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম এর পরিদর্শক জনাব তরুণ কুমার রায় বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করেন।