ভলান্টিয়ার প্রতিনিধি: মানুষকে প্রতিনিয়তই বিভিন্ন প্রয়োজনে কারও না কারও সাহায্য নিয়েই চলতে হয়। বিশেষ করে বড়ো কোনও প্রয়োজনে বা বিপদে, অন্য কারও প্রত্যক্ষ বা পরোক্ষ সাহায্য বা উপকার ছাড়া স্বাভাবিকভাবে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব। উপকার অনেকে অনেক উদ্দেশ্যে করে থাকে। তবে যারা উল্লেখযোগ্য কোনও খারাপ উদ্দেশ্য ছাড়া উপকার করে, তাদের প্রতি অন্য রকম একটা শ্রদ্ধা থাকা, তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকা, মানুষ হিসেবে প্রধান একটি গুণ।
জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রয়োজনে, বিভিন্ন বিপদে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা ও উপকার করে, তাদের প্রতি শুধু কৃতজ্ঞ থাকাই যথেষ্ট নয়। তাদের প্রয়োজনে ও বিপদে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা বা উপকার না করলে, তা হয় ক্ষমাহীন অপরাধের সমতুল্য।
অনেক মানুষ আছে তার নিজের প্রয়োজনে বিভিন্নভাবে, বিভিন্ন কৌশলে, অন্যের কাছ থেকে সাহায্য বা উপকার নিয়ে থাকে। বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার পর ঠিকভাবে কৃতজ্ঞতাও প্রকাশ করে না। কিছুদিন পর তারা দিব্যি ভুলেও যায়। বেশিরভাগ ক্ষেত্রে অন্যের কাছে তা অস্বীকারও করে। যাদের কাছ থেকে সাহায্য ও উপকার পেয়েছে, তাদের বিপদে বিভিন্ন অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। বিপদ শেষ হওয়ার পর আবার বিভিন্নভাবে তাকে সান্ত্বনা দিতে সবার আগে এগিয়ে আসে। এসব অকৃতজ্ঞ মানুষেই সমাজের মূল্যবোধ নষ্ট করতে অগ্রণী ভূমিকা পালন করে ।
