ভলান্টিয়ার (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে সূর্যের আলো আর তাপ নিয়ন্ত্রণ করা বিশেষ শেডের নিচে সারি সারি ফুটেছে রাজসিক সৌন্দর্যের ফুল টিউলিপ ছড়াচ্ছে মুগ্ধতা। টিউলিপের বাগানে এসে কেউ ছুঁয়ে দেখছেন, কেউ ছবি তুলছেন, কেউ ফুলের সঙ্গে সেলফি নিচ্ছেন। আবার কেউবা ভিডিও কলে দূরে থাকা স্বজনদের দেখাচ্ছেন টিউলিপের সৌন্দর্য। কেউ কেউ ফুল কিনে ফিরছেন বাড়িতে। সব মিলিয়ে টিউলিপের সৌন্দর্য দেখে মুগ্ধ সবাই।

মনোমুগ্ধকর এই ফুল চতুর্থবারের মতো তেঁতুলিয়ায় ফুটেছে শুনে নেমেছে দর্শনার্থীদের ঢল। দর্শনার্থীরা জনপ্রতি ৫০ টাকার টিকিট কেটে বাগানে ঢুকে উপভোগ করছেন এই ফুলের সৌন্দর্য।

টিউলিপ বাগানের এই উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রকল্পটিতে আর্থিক সহায়তা দিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। চলতি বছরে অরেঞ্জ ভ্যান আইজেক, প্যারাডি, পিঙ্ক এডোর, ফারডিউক্স, এপেলডর্নস এলিট, ব্লাসিং এপেলডর্নস সহ নয়টি প্রজাতির ২০ হাজার টিউলিপের বাল্ব লাগানো হয়েছে।