ভলান্টিয়ার প্রতিনিধি: ‘ধরা পড়লে চিপায়, নিয়ে যাবো থানায়; দুনিয়ার সিঙ্গেল, এক হও এক হও’ এই স্লোগানে ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে আজ বিকেলে কুড়িগ্রাম শহরের তালতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় সিঙ্গেল পরিষদ।

এ সময় বিভিন্ন ধরনের স্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড হাতে নিয়ে কুড়িগ্রাম শহর প্রদক্ষিণ করে জাতীয় সিঙ্গেল পরিষদের সদস্যবৃন্দ।

‘ভ্যালেন্টাইনের পরিনতি,
বিয়ের আগেই গর্ভবতী’
‘প্রেমের মন্দিরে তালা,
বন্ধুত্বের দরজা খোলা’
‘তুমি কে, আমি কে
সিঙ্গেল, সিঙ্গেল’ সহ বিভিন্ন স্লোগানে স্লোগানে শান্তিপূর্ণ মিছিলটি শেষ হয়।

একজন পথচারী সাইদুল হাসান বলেন, ‘এই প্রথম আমার দেখা ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসে ভালোবাসার নামে যে অপসংস্কৃতি হয়, তার ব্যতিক্রম একটি প্রতিবাদ এবং জনসচেতনতামূলক একটি কার্যক্রম।’

জাতীয় সিঙ্গেল পরিষদ কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, আমরা এখানে এসেছি আত্মসম্মানের বার্তা দিতে! সিঙ্গেল থাকা কোনো অপরাধ নয়, বরং এটি স্বাধীনতার প্রতীক!’

জাতীয় সিঙ্গেল পরিষদ কুড়িগ্রাম জেলার সভাপতি মোশারফ হোসেন মিল্টন বলেন, ‘ভালোবাসার নামে অপসংস্কৃতি চলবে না, আর আমরা এই অপসংস্কৃতিকে রুখে দিতে আজকের দিনে বিক্ষোভ মিছিল এবং পদযাত্রা।’