ভলান্টিয়ার প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কুড়িগ্রামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে “তথ্য হোক সত্য, গণমাধ্যম চাই মুক্ত” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা ও সচেতনতা বৃদ্ধি করা হয়।
ইউরোপীয়ান ইউনিয়নের সহায়তায় এ্যাকশনএইড বাংলাদেশ, সেন্টার ফর পিস এন্ড জাস্টিস এবং ব্র্যাক ইউনিভার্সিটির যৌথ সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা ও হাব কুড়িগ্রামের তত্ত্বাবধানে এই দিবসটি পালিত হয়।
৭ মে বুধবার দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের টেরডেস হোমস থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। র্যালীর পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব, স্থানীয় গণমাধ্যমের ভূমিকা এবং বিশেষ করে নারীদের জন্য অনলাইন হয়রানি ও হুমকির বিষয়ে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া, অডিও ভিজ্যুয়াল মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলোও আলোচনা কর হয়।
এ সময় উপস্থিত ছিলেন উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা সমন্বয়কারী রবিউল ইসলাম, বিটনিকের প্রতিনিধি খাইরুল হাসান আদনান, হাবের সহ-সভাপতি আসাদুজ্জামান, সেক্রেটারী এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম, সাংবাদিক হাসিবুর রহমান হাসিব, মোঃ ইউনুস আলী, শ্যামল ভৌমিক, রাজু মোস্তাফিজ, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, মাসুদ রানা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকগণ।
