ভলান্টিয়ার প্রতিনিধি:  বিবিসিএফ-এর নতুন নেতৃত্বে ড. নাছির উদ্দীন, আরাফাত রহমান ও জুয়েল রানা।

বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ আন্দোলনে নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেক হয়েছে। বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে ২৭ ডিসেম্বর টাঙ্গাইলের এলেঙ্গায় জামুনা রিসোর্টে। অনুষ্ঠানে বিবিসিএফ-এর সদস্য সংগঠনগুলোর নির্বাহী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিবিসিএফ-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কনজার্ভেশন ভলান্টিয়ার সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় বিবিসিএফ-এর নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। ফেডারেশনের প্ল্যাটফর্মে যুক্ত দেশের বিভিন্ন প্রান্তে কাজ করা ৩১৪টিরও বেশি পরিবেশ ও সংরক্ষণ সংগঠনের কাউন্সিলরদের ভোটে

ড. নাছির উদ্দীন সভাপতি,

আরাফাত রহমান সাধারণ সম্পাদক

এবং মোহাম্মদ জুয়েল রানা নির্বাহী সম্পাদক নির্বাচিত হন।

বিবিসিএফ একটি স্বেচ্ছাসেবী, অলাভজনক ও অরাজনৈতিক প্ল্যাটফর্ম। দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করা তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের সংগঠনগুলোকে একত্রিত করাই এই ফেডারেশনের মূল উদ্দেশ্য। বর্তমানে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন ৩০ হাজারেরও বেশি কনজার্ভেশন ভলান্টিয়ার। বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ, মানব–বন্যপ্রাণী সংঘাত প্রশমন, পরিবেশ অপরাধ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব নীতি প্রণয়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করাই সংগঠনটির প্রধান কাজের ক্ষেত্র।

নবনির্বাচিত সভাপতি ড. নাছির উদ্দীন একজন পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞ। তিনি ইকোলজিতে পিএইচডি ডিগ্রিধারী এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী পাচার প্রতিরোধ, মানব–বন্যপ্রাণী সংঘাত ব্যবস্থাপনা এবং ওয়ান হেলথভিত্তিক উন্নয়ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। তিনি আইইউসিএন-এর এশিয়ান এলিফ্যান্ট স্পেশালিস্ট গ্রুপের সদস্য হিসেবে এশিয়ান হাতি সংরক্ষণ ও করিডোর ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন।

সাধারণ সম্পাদক আরাফাত রহমান দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা ও যুব সম্পৃক্ততার সঙ্গে যুক্ত। তরুণদের পরিবেশ আন্দোলনে যুক্ত করা এবং সংগঠনের কার্যক্রম জেলা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারণ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ জুয়েল রানা একজন অভিজ্ঞ সংগঠক। তিনি স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা, প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয়ে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে বিবিসিএফ-এর সাংগঠনিক কাঠামো ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত নেতারা বলেন, আগামী দিনে বিবিসিএফকে আরও অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করা হবে। পরিবেশ শিক্ষা, যুব নেতৃত্ব উন্নয়ন, গবেষণা ও তথ্যভিত্তিক সংরক্ষণ উদ্যোগ এবং সরকার ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বিত কার্যক্রমের মাধ্যমে দেশের জীববৈচিত্র্য রক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখবে সংগঠনটি।