বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুই স্ত্রীকে দিয়ে পর্নোগ্রাফি তৈরি, অসামাজিক কার্যকলাপ পরিচালনা এবং ব্ল্যাকমেইলের অভিযোগে কামরুল হাসান (৩৫) নামে এক যুবক ও তার দুই স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের গোপালপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামরুল নিজেকে ‘মতপ্রকাশ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে পর্নোগ্রাফি তৈরি ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। অভিযোগ রয়েছে, দুই স্ত্রীকে দিয়ে পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন পর্নসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অর্থ উপার্জনের পাশাপাশি পরিচিত ব্যক্তিদের ফাঁদে ফেলে গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন। এছাড়া বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে অনৈতিক কার্যকলাপ পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতানির মামুন মুন জানান, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।