রাজারহাট প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন।  রোববার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলা সদরে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

 

আহতরা হলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। ছাত্র শিবিরের আহতরা হলেন, রাজারহাট উপজেলা শাখার সভাপতি মোঃ সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

 

জানা যায়, গণভোটের রায় বাস্তবায়ন এবং সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বাকযুদ্ধ চলছিল। এরই জেরে আজ বিকেলে উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।