নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অতিরিক্ত মাইকিং ও শব্দ দূষণের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতি। গত মঙ্গলবার (১৯/০৫/২৬ ইং) রাতের এক সভায় সমিতির নেতৃবৃন্দ প্রতিষ্ঠানের প্রচারণায় মাইকিং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বুধবার সকাল থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানা গেছে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, নাগেশ্বরীতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রচারণায় অতিরিক্ত মাইক ব্যবহারের কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য এই শব্দ দূষণ বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়।

সভায় উপস্থিত সদস্যরা বলেন, শব্দ দূষণ এখন নাগেশ্বরীতে এক ধরনের “মহামারী” আকার ধারণ করেছে। তাই জনস্বার্থ বিবেচনায় নিজেদের প্রচারণায় মাইক ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সচেতন মহল উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছে, শুধু ক্লিনিক বা ডায়াগনস্টিক প্রতিষ্ঠান নয়—সকল ধরনের অপ্রয়োজনীয় উচ্চ শব্দের মাইকিং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন, যাতে নাগেশ্বরীবাসী শব্দ দূষণের যন্ত্রণা থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারেন।

এ বিষয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী বলেন, “শব্দ দূষণ মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর, অতিরিক্ত শব্দ কানের শ্রবণশক্তি হ্রাস ও বধিরতা তৈরি করে। এছাড়া এটি মানসিক চাপ, মেজাজ খিটখিটে হওয়া, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এবং ঘুমের ব্যাঘাতের মতো মারাত্মক সমস্যার সৃষ্টি করে।”