নাগেশ্বরী প্রতিনিধি: ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হয়ে যাওয়া রংপুর মেইল বাস সার্ভিস অবিলম্বে চালুর দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উত্তর ধরলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের ডাকে শনিবার বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে, শিক্ষক, সংগঠক, রাজনৈতিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
এ সময় উত্তর ধরলা ভলান্টিয়ার এসোসিয়েশনের আহ্বায়ক এম রশিদ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা উপজেলা বিএপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, উত্তর ধরলা ভলান্টিয়ার্স এসোসিয়েশনের সদস্য সচিব শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান মিজান, কোহিনুর বেগমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন দীর্ঘ কয়েক বছর পর ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম রুটে মেইল বাস সার্ভিস চালু হলেও হঠাৎ করে বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়। একটি কুচক্রি মহল এই মেইল বাস চালু করতে নানাভাবে ষড়যন্ত্র করে আসছে। এই কুচক্রি মহল তাদের নিজের স্বার্থে মেইল বাস বন্ধ করে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সংগঠনের আহ্বায়ক এম রশিদ আলী বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে বাস সার্ভিস চালু না হলে এর থেকেও বড় কর্মসূচি দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল রাজা বলেন, উত্তর ধরলার মানুষকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র আর করতে দেওয়া হবে না।
