ভলান্টিয়ার (কুড়িগ্রাম) প্রতিনিধি: এক ঘণ্টার জন্য জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান ইতি।

সোমবার (১১ অক্টোবর) ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) আয়োজনে কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম এর পদে স্বল্প সময়ের জন্য এ দায়িত্ব পালন করে ইতি।

প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কন্যাশিশুদের আগ্রহী করে তুলতে বিশ্বব্যাপী গার্লস টেকওভার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে এ দায়িত্ব পায় পরীক্ষার্থী ইতি।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার, সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম সহ ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্স কুড়িগ্রাম জেলার সদস্যবৃন্দ। নিজ স্বপ্ন পূরণের পাশাপাশি বাল্যবিয়ে, শিশু নির্যাতন ও নারী নির্যাতনের মতো ঘটনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইসরাত জাহান ইতি।

জেলা প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সে বলে, ‘আমি গর্ববোধ করছি এবং আজকের দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’
অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু বলেন, ‘আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ । তাই, আগামী প্রজন্মকে স্বপ
দেখার নিমিত্বে এরকম আয়োজন অগ্রনী ভূমিকা পালন করবে।’
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘কন্যা শিশুকে এভাবে উৎসাহ প্রদান করলে তাদের জন্য স্বপ্ন পূরণ করা আরো সহজ হবে।’