ভলান্টিয়ার প্রতিনিধি: জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, এম.পি আজ দুই দিনব্যাপি কুড়িগ্রাম জেলার সাহিত্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান –২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সচিব জনাব এ এইচ এম লোকমান। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোখলেছুর রহমান আকন্দ, পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ জাফর আলী, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জনাব মোঃ মিনহাজুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সর্বোপরি জেলার নয়টি উপজেলার দুই শতাধিক লেখক, কবি সাহিত্যিকগণ ছিলেন অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দুতে।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ জাতীয় জীবনে সাহিত্য সংস্কৃতির প্রয়োজনীয়তা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুজ্জামান নূর তার বর্ণাঢ্য সাংস্কৃতিক ও রাজনৈতিক জীবনে সাহিত্যের অবদান সম্পর্কে আলোকপাত করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম কুড়িগ্রামের লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সাহিত্য সংস্কৃতির চর্চাকে সমুন্নত রাখার জন্য জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুড়িগ্রাম জেলার সাহিত্য, সংস্কৃতি, নাটক, পুথি, কবিতা, ছড়া ইত্যাদি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবন্ধ উপস্থাপনে ছিলেন জেলার সাহিত্যিক কার্যক্রমে নিযুক্ত সাহিত্যিকগণ।
