ভলান্টিয়ার কুড়িগ্রাম(প্রতিনিধি): মঙ্গলবার (০৫/১১/২০২৪ খ্রি.),কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের আদর্শ পৌরবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে একটি দোকানে অভিযান চালিয়ে মোট ০৫ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ৩০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং অপর আর একটি দোকানে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে ২০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব বদরুজ্জামান রিশাদ এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল।
এসময় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ পরিবেশবাদী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন, ইয়ুথ নেট কুড়িগ্রাম সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
