মোস্তফা কামাল, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলা-এর রৌমারী ইউনিয়ন পরিষদ-এ “পদ্মার চরের কবির” ও “বাওয়াইর চরের জুই আক্তার”-এর ভালোবাসার সম্পর্কের পরিণতি নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মেয়ে পক্ষ রাজি না হওয়ায় প্রেমের পরাজয় ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। ইউনিয়ন পরিষদে বসা বৈঠকে ছেলে ও মেয়ে দুজনই একে অপরকে ছাড়তে রাজি না হওয়ার কথা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলোচনা চলাকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একপর্যায়ে দুজন একে অপরকে দীর্ঘক্ষণ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
তবে শেষ পর্যন্ত মেয়ের পরিবার সম্পর্কটি মেনে নিতে অস্বীকৃতি জানায়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং মেয়ের পরিবারকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, ভালোবাসার সম্পর্কের এমন পরিণতি খুবই বেদনাদায়ক।
