কুড়িগ্রাম প্রতিনিধি: নাগেশ্বরী উপজেলায় বসতবাড়ির উঠান থেকে একটি ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ২৯ মে (শুক্রবার) রাতে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এই বিষয়ে ভুক্তভোগী মোঃ মামুনুর রশিদ নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, মোল্লাপাড়া গ্রামের মৃত রিয়াজুল হকের ছেলে মোঃ মামুনুর রশিদ (৩৫) গত ২৯ মে সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় তাঁর নিজ ব্যবহৃত ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নং: কুড়িগ্রাম হ-১৩-৭৮১০, ইঞ্জিন নং: JZYWKH84536, চেসিস নং: PSUB44DYOLTL50074) বাড়ির বাইরের উঠানে রেখে ভেতরে যান। পরে রাত আনুমানিক ৮:০০ ঘটিকার সময় তিনি বাইরে এসে দেখেন তাঁর মোটরসাইকেলটি সেখানে নেই।
​পরবর্তীতে তিনি আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। ঘটনার পর তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সাথে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ জানান।

​ভুক্তভোগী মামুনুর রশিদ জানান, “সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে চোর চক্র রাতের আঁধারে আমার বাড়ির উঠান থেকে মোটরসাইকেলটি নিয়ে যায়। আমি প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি যেন তদন্ত করে আমার মোটরসাইকেলটি উদ্ধার এবং চোরদের আইনের আওতায় আনা হয়।”

​স্থানীয়রা জানান, এলাকায় হুট করে মোটরসাইকেল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

​নাগেশ্বরী থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।