বিশেষ প্রতিনিধি: বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা কর্তৃক গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন প্রজাতির মোট ৪২টি দেশীয় বন্যপ্রাণী জব্দ করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণ ও পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোর মধ্যে রয়েছে—
ধনেশ-০৩টি, চশমা পরা হনুমান-০৩টি, পাহাড়ি হলুদ কচ্ছপ-১৩টি, টিয়া পাখি-১২টি, ময়না-০১টি, লজ্জাবতী বানর-০৩টি, ঈগল পেঁচা-০১টি, এশিয়ান পাম সিভেট-০৩টি, সজারু -০৩টি
অভিযানে আটক ব্যক্তি হলেন মোঃ সাজুদ্দিন (২৪), পোড়াগাঁও, নালিতাবাড়ী, শেরপুর। উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলোকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার জন্য আপাতত বন অধিদপ্তরে রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও মতামতের ভিত্তিতে প্রাণীগুলোকে তাদের জন্য উপযুক্ত পরিবেশে স্থানান্তর করা হবে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে মোহাম্মদ হাদিস রহমান(৪০)জড়িত রয়েছেন। তিনি ইতোমধ্যে কক্সবাজারের চকরিয়া বন বিভাগের অভিযানে গ্রেফতার হয়ে বর্তমানে জেল হেফাজতে আছে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০২৬ আইন লঙ্ঘন করে কোনো ব্যক্তি বা চক্র যেন বন্যপ্রাণী শিকার, সংগ্রহ, পরিবহন, ক্রয়-বিক্রয় বা পাচারের সঙ্গে জড়িত না হয়, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানা হচ্ছে। অভিযানটি পল্লবী থানার সার্বিক সহযোগিতায় সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।