বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেঁজুতি হোসাইন বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপির প্রতি আনুগত্য প্রকাশ করেন সেঁজুতি হোসাইন। এ সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
যোগদান শেষে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি এ দলে যোগ দিয়েছেন। দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিতে যোগ দিতে চান, তাদের সবাইকে স্বাগত জানানো হবে।
