নাগেশ্বরী প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে প্রথমবারের মতো আজ বিজ্ঞান মেলার আয়োজন করা হয় ।
ভিতরবন্দ জ্ঞান সিন্ধু যুব বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান মেলায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সোহেল হোসেন কায়কোবাদ। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনের আহ্বান জানিয়ে বলেন, বিজ্ঞানচর্চা দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।
কুড়িগ্রাম জেলা জজ কোর্টের পিপি বজলুর রশিদ মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিতরবন্দ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি, অধ্যক্ষ ফারুক আহমেদ, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বৈজ্ঞানিক মডেল ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থাপন করে। দর্শনার্থীরা এসব প্রকল্প ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার প্রশংসা করেন।
আয়োজক আলহাজ্ব আমিনুল হক খন্দকার বাচ্চু বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা জানান, ভিতরবন্দ ইউনিয়নে প্রথমবারের মতো এমন একটি বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের জন্য নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে এবং এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
