কুড়িগ্রাম প্রতিনিধি: আজ (৯ মার্চ ) দুপুরে ফুলের মালা পড়িয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা: মোঃ শহিদুল্লাহকে তিরস্কার করে নাগরিক সংবর্ধনা জানায় কুড়িগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
দুই মাস আগে হাসপাতাল এর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এবং লেখিত অভিযোগ দিলে, হাসপাতাল কর্তৃপক্ষ দুই মাসের মধ্যে চোখে পড়ার মতো ইতিবাচক পরিবর্তন করবেন বলে আশ্বস্ত করেছে।
কিন্তু দুই মাসে হাসপাতাল সংস্কারের কথা দিলেও সময় পেরিয়ে গেলেও চোখে পরার মতো কোন উন্নতি না হওয়ায় এই ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানানো হয়।
এসময় শিক্ষার্থীদের হাতে, “২ মাস কেটে গেলো কেউ কথা রাখেনি, ভালোবাসেনি।” ; “ঘাস কাটা কর্তৃপক্ষ।” ;
“২ মাসে কি ছিড়েছো?” সহ বিভিন্ন তিরস্কারমূলক লেখাযুক্ত প্ল্যাকার্ড ছিলো।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের মুখপাত্র জান্নাতুল তুহুরা তন্বী বলেন, প্রায় দুই মাস আগে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি পাই, সেই সূত্র ধরে আমরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি খেয়াল করে আসছি কিন্তু কোন প্রকার উদ্যোগ নেওয়া হয়নি বরং যে লাউ সেই কদু, তাই আজকের ব্যতিক্রমী প্রতিবাদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রামের সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাজ্য জ্যোতি বলেন, “দুই মাসে হাসপাতাল সংস্কারের কথা দিয়েও তারা কথা রাখতে পারেনি। উল্টো লজ্জাহীনের মতো নানা অযুহাত দেখিয়ে যাচ্ছে। মূলত কর্তৃপক্ষকে লজ্জা দিতেই আমাদের ব্যতিক্রম এই আয়োজন।”
