রাজশাহী প্রতিনিধি: ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ সরকারের ঘোষিত ২৫ কোটি (২৫০ মিলিয়ন) বৃক্ষরোপণ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে এবং দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) সারা দেশে ১ লক্ষেরও বেশি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। পরিবেশবান্ধব নগরী হিসেবে পরিচিত রাজশাহী থেকে এ কর্মসূচির যাত্রা শুরু হয়।
রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক জনাব মো: মাহফুজুর রহমান(রিটন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈসা। অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণে সরকার, নাগরিক সমাজ এবং তরুণ প্রজন্মের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বিবিসিএফ-এর সভাপতি ড. নাছির উদ্দিন বলেন,
“বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, নদী পুনঃখনন, নগর স্বেচ্ছাসেবক গড়ে তোলার উদ্যোগ এবং পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার প্রচেষ্টা একটি সবুজ ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রত্যক্ষ সম্পৃক্ততা পরিবেশগত বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে তারই প্রমাণ। বিবিসিএফ সরকারের পরিবেশ ও স্বেচ্ছাসেবীবান্ধব সকল ইতিবাচক উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে নাগরিক সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের সভাপতি এবং বিবিসিএফ-এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং বিবিসিএফ-এর সহ-সভাপতি ডা. হেমায়েতুল ইসলাম আরিফের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. সৈয়দ শাহ আলম (প্রিন্স সুলতান ইউনিভার্সিটি, রিয়াদ, সৌদি আরব), মো. গোলাম মোস্তফা মামুন (সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেস ক্লাব), মো. মাহাফুজুল হাসনাইন হিকোল (সদস্য সচিব, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি), মো. হাবিবুর রহমান (আহ্বায়ক, নাগরিক ভাবনা), মো. জাহাঙ্গীর কবির (ওয়াইল্ডলাইফ ইন্সপেক্টর, রাজশাহী বন বিভাগ) এবং ইফতেখারুল হক নিপু, যিনি প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ উৎপাদনের একজন তরুণ উদ্যোক্তা।
বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, নদী ও জলাশয় পুনরুদ্ধার এবং ব্যাপক বৃক্ষরোপণকে জাতীয় আন্দোলনে পরিণত করতে হবে। তারা সরকারের পরিবেশবান্ধব উদ্যোগগুলোর প্রশংসা করে পরিবেশ সংরক্ষণে আরও বিনিয়োগ, গবেষণা, জনসচেতনতা এবং তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিবিসিএফ-এর ঘোষিত ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি দেশের ৬৪ জেলায় পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে, যা সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে সহায়তা করবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের প্রতি পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলা হয়, “একটি গাছ শুধু একটি চারা নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ, বিশুদ্ধ বাতাস এবং টেকসই জীবনের প্রতীক।”
পরিবেশবান্ধব, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজক সংগঠনগুলো দেশবাসীকে বেশি বেশি বৃক্ষরোপণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানায়।