ফুলবাড়ী প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী আন্দোলন প্রসঙ্গে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদের দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ফুলবাড়ী উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় ফুলবাড়ী বাজারের কাচারি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাড়ি বাজার জিরো পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নন্দন সেন মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণুচন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান, জেলাল সরকার, হাসানুর রহমান হাসু এবং ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মহেশ্বর রায় শুভ।
বক্তারা অভিযোগ করেন, গত ৫ জুলাই কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ ছাত্রদলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন ও মানহানিকর। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ফুলবাড়ী উপজেলা ছাত্রদল আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
