লেখক রবিউল ইসলাম: গতকাল আমার নানি শাশুড়ি হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে এবং জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগ থেকে চিকিৎসকরা তাঁকে অবিলম্বে ৬ তলায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রোগী পরিবহনের জন্য আমি হাসপাতালের কর্মচারীদের কাছে একটি স্ট্রেচার চাইলে তাঁরা আমাকে উত্তর দেন “৬ তলা বা ৭ তলায় গিয়ে খুঁজে নিয়ে আসেন।”

তাঁদের কথা অনুযায়ী আমি পুরো হাসপাতালের মূল ভবনের প্রতিটি তলা এবং প্রতিটি ওয়ার্ড খুঁজেও একটি স্ট্রেচার পাইনি। বাধ্য হয়ে পুরনো ভবনটিতেও গিয়েছিলাম, কিন্তু সেখানেও কোনো কাজের স্ট্রেচার ছিল না। পুরনো ভবনে দুটি চাকা ভাঙা একটি স্ট্রেচার ছিল, তবে তাতে আরেকজন অস্ত্রোপচারের রোগী থাকায় সেটি নেওয়া সম্ভব হয়নি।

দীর্ঘ প্রায় এক ঘণ্টা ধরে পুরো হাসপাতাল চত্বরে হন্যে হয়ে স্ট্রেচার খোঁজার পরও ব্যর্থ হয়ে আমি জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসককে পুরো বিষয়টি জানাই। একই সাথে ক্ষোভের সাথে বলি—”দীর্ঘ এক ঘণ্টা ধরে প্রতিটি ওয়ার্ড খুঁজেও কোনো স্ট্রেচার পেলাম না। বাধ্য হয়ে আমি এই অব্যবস্থাপনার কথা স্থানীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে অভিযোগ জানাব।”

এই কথা শোনার পর কর্তব্যরত ডাক্তার আমাকে ওয়ার্ড বয়ের কাছে নিয়ে যান। ওয়ার্ড বয়কেও বিষয়টি জানানো হলে, তিনি তৎক্ষণাৎ দুজনকে পাঠিয়ে দ্রুত একটি স্ট্রেচারের ব্যবস্থা করে দেন।

আমার প্রশ্ন, একটি জরুরি চিকিৎসার ক্ষেত্রে কেন এমন বিলম্ব ও ভোগান্তি পোহাতে হবে? স্ট্রেচারের মতো প্রাথমিক ও জরুরি একটি সরঞ্জাম পেতে যদি স্বজনদের এক তলা থেকে অন্য তলায় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়, তবে হাসপাতালের এই চরম অব্যবস্থাপনার দায়ে জরুরি মুহূর্তে যদি কোনো বড় ধরনের অঘটন ঘটে যেত—তার দায়ভার কে নিত?