মিনহাজুল ইসলাম লিটন: কুড়িগ্রামের রাজারহাটে জেগে উঠো ফাউন্ডেশনের আয়োজনে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা।

ফাইনাল খেলাকে ঘিরে রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ও খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল খালেক।

খেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, শহীদ রাজীবের গর্বিত পিতা মোঃ রেজাউল করিম সরকার, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ রাজীব স্মৃতি ফুটবল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আনিছুর রহমান লিটন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং শহীদ রাজীবের স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।