কুয়াকাটা প্রতিনিধি: উপকূল ও ম্যানগ্রোভ রক্ষায় Youth4Ocean-এর উদ্যোগে এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ , মিশন গ্রিন বাংলাদেশ, লিডার্স বাংলাদেশ ও বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ)-এর সহযোগিতায় কুয়াকাটার প্রেসিডেন্ট পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত এ কনভেনশনে তরুণ, পরিবেশকর্মী, গবেষক, উপকূলীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

দিনব্যাপী এই কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ বি এম মোশাররফ হোসেন, এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের উপকূলীয় সার্কেল, বরিশালের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল।

আলোচনায় বক্তারা উল্লেখ করেন, সুন্দরবন ও বাংলাদেশের অন্যান্য উপকূলীয় ম্যানগ্রোভ শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার ঢাল নয়; এগুলো লাখ লাখ মানুষের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য ও জলবায়ু সহনশীলতার গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই ম্যানগ্রোভ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের অর্থবহ অংশগ্রহণের পাশাপাশি কার্যকর নীতি, শক্তিশালী বাস্তবায়ন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ পরিকল্পনা প্রয়োজন। কনভেনশনের আলোচনার ভিত্তিতে ম্যানগ্রোভ ও উপকূল রক্ষায় একটি ঘোষণাপত্র পাঠ করা হয় এবং  সুপারিশমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ, স্থানীয় মানুষের অংশগ্রহণ এবং তরুণদের নেতৃত্বে একটি নিরাপদ, সহনশীল ও সবুজ উপকূল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।