কুড়িগ্রাম প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘অরণ্য’–এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনে বৃক্ষের চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আয়োজিত কর্মসূচিতে স্টেশনে আগত টিকিটধারী যাত্রীদের মাঝে আমড়া গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি স্টেশন প্রাঙ্গণে নিম ও আমগাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়ে যাত্রী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় অরণ্য’র কুড়িগ্রাম জেলা সদর সাধারণ সম্পাদক আবু জোবায়েদ সচেতনতামূলক বক্তব্য দেন। বক্তব্যে তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশকে শীতল করে না, এটি আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণে আমাদের দায়িত্বশীল হতে হবে।”

কর্মসূচিতে অরণ্য’র সদস্য জাহিদ, সবুজ, আশিক, গালিব ও ইমরানসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

স্টেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ

কর্মসূচি বাস্তবায়নে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক সহযোগিতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। চারা রোপণের স্থান নির্ধারণ, কর্মসূচি পরিচালনা এবং সার্বিক সহযোগিতার মাধ্যমে তাঁরা পরিবেশবান্ধব এ উদ্যোগকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

‘অরণ্য’র পক্ষ থেকে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের সকল কর্মকর্তা ও কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। তাঁদের সহযোগিতা ভবিষ্যতের পরিবেশবান্ধব কার্যক্রমেও অনুপ্রেরণা জোগাবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকদের প্রত্যাশা, শুধু বৃক্ষরোপণ নয়—গাছের পরিচর্যা, সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় সম্মিলিত সামাজিক উদ্যোগই পারে একটি সবুজ ও বাসযোগ্য কুড়িগ্রাম গড়ে তুলতে।