কুড়িগ্রাম প্রতিনিধি: আজ (১৫ জুন) বিকালে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে এনসিপির অঙ্গ-সংগঠন জাতীয় যুবশক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, ‘বাংলাদেশের যুবকদের সবাই “দলদাসে” পরিণত করতে চায়, তাদের কর্মক্ষম করার বদলে মাদকাসক্ত করা হয়, সন্ত্রাসী আর দলীয় ক্যাডার বানানো হয়। একশ্রেণির রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য যুবকদের অসৎ পথে পরিচালিত করে। আমরা এই যুব সমাজের পরিবর্তন চাই।’
সভায় ড. মুজাহিদ আরও বলেন, ‘যুবকরা আমাদের কাছে আমানত, আমরা তাদের চাঁদাবাজ তৈরি করবো না। আমরা তাদের কাজ দিয়ে দক্ষ জনশক্তিরূপে গড়ে তুলবো।’

সমন্বয় সভায় আরও বক্তব্য দেন– জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক (কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত) শাওন মোস্তফা, আকরাম হোসেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম মোনাব্বের, এনসিপির জেলার শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সভাপতি এম রশিদ আলী, জাতীয় যুবশক্তির জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিমন, মিনারুল ইসলাম ও তারিকুজ্জামান তমাল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন– এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, নুরুন্নবী সরকার, আমিরুজ্জামান সরকার লিটু প্রমুখ।