কুড়িগ্রাম প্রতিনিধি: আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহমুক্ত’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে খলিলগঞ্জে অবস্থিত অভিনন্দন কনভেনশন সেন্টারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর থানার সেকেন্ড অফিসারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা, জন প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবক, নিকাহ রেজিস্ট্রার, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা। অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা এক শিশু জীবনের অভিজ্ঞতা তুলে ধরে।

বক্তারা বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ও সমাজ গঠনে ভূমিকা এবং শিশুর কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং কুড়িগ্রাম সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করণে অঙ্গীকারবদ্ধ হন।