লেখক- মোখলেছুর রহমান সাইদুল
পরিযায়ী পাখি আমি
কোথাও বাঁধিনি বাসা,
কারও ঘরে আশ্রয় হবে
কখনও করিনি আশা।
চলার পথে হঠাৎ যদি
তোমার সাথে হয় দেখা,
ডাগর চোখে টেনে দেব
মেঘের কাজল রেখা।
গোধূলি রঙে রাঙিয়ে দেব
তোমার কোমল কপোল,
রাতের তারায় ভরিয়ে দেব
মায়ায় জড়ানো আঁচল।
আঁধারের একটি কবিতা দেব
খুঁজে নিও ব্যঞ্জনা,
ক্লান্ত তোমাকে শান্ত করবে
আমার সুরের মূর্ছনা।
ঘাসফুলের জমানো জলে
ধূয়ে দেব তোমার স্নিগ্ধ মুখ,
এক বর্ষায় তোমাকে দেব
জন্মজন্মান্তর স্বপ্নের সুখ।
