ফুলবাড়ী প্রতিনিধি (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দলীয় নীতি ও আদর্শ বিচ্যুতি এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের তীব্র ক্ষোভ জানিয়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি (এনসিপি)-র প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সাংগঠনিক সম্পাদক মো: সবুজ মিয়া।
আজ ২০ জুলাই, ২০২৬ তারিখে এনসিপি (NCP) ফুলবাড়ী উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন। একই সাথে অনুলিপি পাঠানো হয়েছে কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর বলে জানান এই নেতা।
পদত্যাগপত্রে সবুজ মিয়া উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠা, সততা ও সক্রিয়তার সাথে ফুলবাড়ী উপজেলায় এনসিপির মাঠ পর্যায়ের সকল সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। বিগত জাতীয় নির্বাচনের পূর্বেও দলের মনোনীত প্রার্থী ড. আতিক মুজাহিদ সাহেবের পক্ষে দিন-রাত অক্লান্ত পরিশ্রম ও জনসমর্থন গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পর মাঠ পর্যায়ের ত্যাগী ও নিষ্ঠাবান কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। উল্টো বর্তমান উপজেলা কমিটিতে এমন কিছু সুবিধাবাদী ব্যক্তিকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে, যাদের দলের প্রতি কোনো পূর্ব অবদান বা ত্যাগ নেই। এই বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন প্রকার সাংগঠনিক অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে
সবুজ মিয়া আরও অভিযোগ তোলেন, দলের মূল নীতি ও আদর্শকে জলাঞ্জলি দিয়ে স্থানীয়ভাবে নিষ্ক্রিয় ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করার মতো বিতর্কিত কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা কোনোভাবেই একজন আদর্শিক কর্মীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
দীর্ঘদিন দলে কষ্ট করার পর এমন অবমূল্যায়ন, অনিয়ম এবং আদর্শিক বিচ্যুতি তার রাজনৈতিক চেতনা ও বিবেককে গভীরভাবে আঘাত করেছে জানিয়ে তিনি বলেন, এমন একটি অগণতান্ত্রিক ও নীতিহীন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে তার পক্ষে আর রাজনীতি করা সম্ভব নয়। ফলে তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় দলের প্রাথমিক সদস্যপদ ও তৃণমূলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এবং তার ফেসবুকে পদত্যাগ পত্রটি পোষ্ট করেন।
