নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের অভয়াশ্রমে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি, হুইলসহ বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতি বিলের ভূষণগাছায় হালতি বিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রম এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী আইন লঙ্ঘন করে মাছ শিকারের অপরাধে ২৬ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো:শামীম হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা। উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।