ভলান্টিয়ার প্রতিনিধি: ফেনী থেকে ঢাকায় আসা পাখির একটি চোরাচালান রবিবার সাভারে রাতভর অভিযানের পর সোমবার (১ নভেম্বর) সকালে উদ্ধারকৃত ৬০টি জীবিত টিয়া, ২৫টি মৃত টিয়া, ১০৫টি মুনিয়া ও ২৫টি ঘুঘু নিয়ে আসা হয় মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে এবং পরে পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয় উদ্যানের মুক্ত আকাশে।

রাতভর অভিযানে নেতৃত্বদানকারী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, গোপন সংবাদ পেয়ে আমরা অভিযানের প্রস্তুতি নেই। আমরা চোরাকারবারির নাম-ঠিকানা জোগাড় করে তার সম্ভাব্য গতিপথে নজরদারি বাড়াই। সাভারে তার বাড়িও আমাদের নজরদারির আওতায় ছিলো। তবে সে গোপনে বাসায় ঢুকে যাওয়ায় ফোর্স সংকটে গভীর রাতে আমরা বাসায় ঢুকতে পারিনি। পরে পুলিশের সহযোগিতায় প্রবেশ করে দেখি সে ঘরের টিন কেটে পালিয়েছে।

তিনি আরও জানান, এই চক্র নিয়মিত পাখি চালান করে আসছে। এই দফাও তারা প্রচুর পাখি এনেছিলো। আমাদের উপস্থিতি টের পেয়ে কিছু পাখি ছেড়ে দিয়েছে, অনেকগুলো মেরেও ফেলেছে। তাদের পুরো গ্যাং বন বিভাগের নজরদারিতে আছে বলেও জানান তিনি।